বিশ্বকাপের অর্জন উদযাপনে আর্জেন্টিনায় ছুটি ঘোষণা
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের আক্ষেপে ভরা হারের পর আর্জেন্টিনা দলের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে দলের রানার্সআপ হওয়ার অর্জনকে সম্মান জানিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ঘোষণা করেছেন জাতীয় ছুটি। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, সব ফুটবলার একসঙ্গে দেশে ফিরছেন না।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে পুরো ম্যাচে দারুণ লড়াই করেও অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে গোল খেয়ে শিরোপা হাতছাড়া হয় লিওনেল মেসিদের। তবে লড়াইয়ের মানসিকতা দেখে মুগ্ধ পুরো দেশ। প্রেসিডেন্ট মিলেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় দলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি। আর্জেন্টিনা সবসময় মাথা উঁচু করেই থাকবে।’
পরবর্তী এক বার্তায় প্রেসিডেন্ট মিলেই জানিয়েছেন, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন দেশে ফিরে উদ্যাপনে অংশ নেবেন, সেই দিনটিকেই সরকারিভাবে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।
প্রেসিডেন্টের এই ঘোষণার পরই এএফএ এক বিবৃতিতে দলের ফেরার আপডেট জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফাইনালের পর সব খেলোয়াড় একসঙ্গে ফিরছেন না। অনেকেই সরাসরি আমেরিকা থেকে নিজ নিজ ক্লাবে যোগ দিতে বা ছুটি কাটাতে চলে যাবেন। দলের বাকি অংশ, অর্থাৎ খেলোয়াড়, কোচিং স্টাফ ও অন্যান্য সদস্যরা আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে আর্জেন্টিনায় পৌঁছাবেন।’

স্পোর্টস ডেস্ক