ভাঙন ধরছে স্কালোনির কোচিং প্যানেলে!
আর্জেন্টিনা জাতীয় দলের সফল কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে যখন চারদিকে নানা গুঞ্জন ও অনিশ্চয়তা চলছে, ঠিক তখনই দলের অন্দরে বড় এক ধাক্কার খবর সামনে এলো। স্কালোনির কোচিং প্যানেল থেকে এবার বিদায় নিতে চলেছেন অন্যতম গুরুত্বপূর্ণ সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল।
চলতি বছরের ডিসেম্বরেই আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিশেষ করে গত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পরই স্কালোনি ডিসেম্বরের পর তার বিদায়ের জোরাল ইঙ্গিত দিয়েছিলেন। এর মাঝেই সামনে এলো এই খবর।
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সহকারী কোচের চলে যাওয়ার বিষয়টি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের অন্দরে এতদিন ওপেন সিক্রেট ছিল। স্যামুয়েলের সঙ্গে এএফএ-র চুক্তির মেয়াদও আগামী ৩০ ডিসেম্বর শেষ হচ্ছে। প্রধান কোচ স্কালোনি আগামী দিনে যা-ই সিদ্ধান্ত নিন না কেন, এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া ভালোভাবেই জানেন যে—২০২৭ সালে আর আলবিসেলেস্তেদের ডাগআউটে দেখা যাবে না স্যামুয়েলকে।
গত আট বছর ধরে আর্জেন্টিনা দলের সহকারী কোচের দায়িত্ব পালন করে আসছেন ৪৮ বছর বয়সী ওয়াল্টার স্যামুয়েল। বিশেষ করে কর্নার কিংবা ফ্রি-কিকের মতো সেটপিসগুলোতে আর্জেন্টিনার অবিশ্বাস্য উন্নতির পেছনে তাকেই ‘ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড’ হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ বিশ্বকাপেও মাঠের প্রতিটি ম্যাচে দলের খেলোয়াড়দের পজিশনিং ও সেটপিসের কার্যকারিতা ছিল চোখে পড়ার মতো।
আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন স্যামুয়েল এখন আর সহকারী কোচের ছায়ায় থাকতে চাইছেন না। প্রধান কোচের সহযোগী হিসেবে কাজ করার অধ্যায় তার জন্য শেষ। এখন তিনি ইউরোপের কোনো ক্লাবে সরাসরি প্রধান কোচ বা ম্যানেজার হিসেবে নিজের নতুন ক্যারিয়ার শুরু করতে চান। আগামী মাসগুলোতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত থাকবেন তিনি। যেন নতুন বছর শুরু হতেই ইউরোপের কোনো দলের পূর্ণ দায়িত্ব নিতে পারেন।
এদিকে, স্কালোনির অন্য দুই সহকারী ও তার ঘনিষ্ঠ বন্ধু পাবলো আইমার এবং রবার্তো আয়ালার ভবিষ্যৎ পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। আপাতত তারা আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং কাঠামোর সঙ্গেই যুক্ত আছেন। তবে প্রধান কোচ স্কালোনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, তার ওপর নির্ভর করবে আইমার ও আয়ালার পরবর্তী গন্তব্য। স্কালোনি যদি দল ছেড়ে যান, তবে নিজের ক্যারিয়ারের কথা ভেবে তাদেরও বিকল্প ভাবতে হবে।

স্পোর্টস ডেস্ক