টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের
ওয়ানডে সিরিজের শুরুটা হয়েছিল পরাজয়ে। সেই ধরা অব্যাহত টি-টোয়েন্টিতেও। ফরম্যাট বদলেছে, বদলেনি ম্যাচের ফল। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাত্তাই পায়নি বাংলাদেশ। বুলাওয়েতে বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
আজ বুধবার (১৫ জুলাই) টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
রান তাড়ায় দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২৫ রানে রিচার্ড এনগারাভাকে উইকেট বিলিয়ে দেন সাইফ হাসান। খেলেন ১৫ বলে ১২ রানে মন্থর ইনিংস। আরেক ওপেনার তানজিদ তামিম ৮ বলে ১৬ রান করে ফেরেন এনগারাভার বলেই। এরপর দ্রুত বিদায় নেন পারভেজ হোসেন ইমন (৫)।
৩৪ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশকে খানিকটা আশার আলো দেখান ইয়াসির আলী। ৩৮ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৫৪ রান করেন তিনি। ম্যাচে বলার মতো রান একমাত্র তার ব্যাট থেকেই আসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ইয়াসিরের প্রথম ফিফটি।
অন্যপ্রান্তে, বাকিরা আসা-যাওয়ার মিছিলে থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ১৯ রান করেন শেখ মেহেদী। তাতে অবশ্য দলের কোনো লাভ হয়নি।
জিম্বাবুয়ের পক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ১৭ রানে ৪ উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি। ৪ ওভারে ২৬ রানে ৪ শিকার এনগারাভার।
ব্যাটিংয়ে শুরু থেকেই ক্রিজে ঝড় তোলেন জিম্বাবুয়ের দুই ওপেনার। ৩.৩ ওভারের উদ্বোধনী জুটিতে দলটি যোগ করে ৩৭ রান। ৯ বলে ১৪ রান করে নাহিদ রানার শিকার হন মারুমানি। আরেক ওপেনার ব্রায়ান বেনেট খেলেন ৩০ বলে ৪৪ রানের ইনিংস। তাকেও বিদায় করেন নাহিদ।
এরপর বুঝেশুনে এগোনোর ছক কষে জিম্বাবুয়ে। দিওন মায়ার্সের ২০ বলে ২০ রানের ইনিংস থামে সাইফউদ্দিনকে উইকেট দিয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ঝড়ের আভাস দেন। ১৩ বলে ২০ রানে তাকে থামান সাইফউদ্দিন।
শেষ দিকে আবার দৃশ্যপটে হাজির হন নাহিদ। লোয়ার মিডল অর্ডারের দুই ব্যাটারকে পরপর দুই বলে ফিরিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। তবে, ব্র্যাড ইভান্সের ১০ বলে অপরাজিত ১৯ রানে ভালো সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নেন নাহিদ। ৩৫ রানে সাইফউদ্দিন পান ২ উইকেট।

স্পোর্টস ডেস্ক