ম্যাচ জয়ের কৃতিত্ব যাদের দিলেন অধিনায়ক মিরাজ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে ঘরের মাঠের সিরিজগুলোতে পূর্ণ নজর দিতে হবে বাংলাদেশকে। সেই বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে বেশ ভালোভাবেই উৎরে গেছে বাংলাদেশ।
আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভার সবগুলো উইকেট হারিয়ে ১৯৮ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৩৫.৩ ওভার ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এ ম্যাচে দুইশ পেরোনোর আগেই নিউজিল্যান্ডকে আটকে রাখে বাংলাদেশ। এর পেছনে বড় ভূমিকা ছিল নাহিদ রানার। কিউইদের ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি। মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেছেন এই তুর্কি।
বাংলাদেশের জয়ের পেছনে বোলারদের অবদান দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি মনে করি ক্রিকেটাররা দারুণ করেছেন। বিশেষ করে নাহিদ রানা দারুণ বল করেছেন। শরিফুল ও তাসকিনও ভালো বল করেছে। উইকেট দেখতে খুব ভালো মনে হলেও এই কন্ডিশনে বোলিং করা মোটেও সহজ নয়।’
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়নি। যে কারণে হারতে হয়েছিল স্বাগতিকদের। এদিন ঘুরে দাঁড়িয়েছেন ব্যাটাররা। শতক পার করা পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথ দেখান তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
তামিম-শান্তদের নিয়ে মিরাজ বলেন, ‘আমাদের ব্যাটাররাও দারুণ কাজ করেছে। শুরুতে দ্রুত দুটি উইকেট হারানোর পর তামিম আর শান্ত যেভাবে ১২০ রানের পার্টনারশিপ গড়েছে, সেটি দলের জয়ের জন্য দারুণ ছিল। তাদের এই জুটিই মূলত রান তাড়ার ভিত গড়ে দিয়েছিল। আর হৃদয় ম্যাচটি দারুণভাবে শেষ (জেতানো) করেছে।’

স্পোর্টস ডেস্ক