আবারও আলোচনায় মিরাজের ব্যাটিং পজিশন
বাংলাদেশ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ এমন একজন অলরাউন্ডার, যাকে দলের প্রয়োজনে প্রায় সব পজিশনেই ব্যাটিং করতে দেখা গেছে। কখনো ওপেনিং, কখনো মিডল অর্ডার—সবখানেই খেলেছেন তিনি। আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার আগে আবারও আলোচনায় মিরাজের ব্যাটিং পজিশন।
আজ মঙ্গলবার (১০ মার্চ) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন মিরাজ। সেখানেই নিজের পছন্দের ব্যাটিং পজিশন নিয়ে মুখ খুলেছেন এই টাইগার অধিনায়ক। পাশাপাশি কথা বলেছেন নিজের সাম্প্রতিক অফ ফর্ম নিয়েও।
মিরাজ বলেন, ‘আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি, তবে সেটি দলের জন্য অনেক বেশি উপকারে আসবে বলে আমার মনে হয়। এর আগে আমি টপ অর্ডারে ব্যাটিং করে হয়তো রান পেয়েছি, কিন্তু অনেক সময়ই বাংলাদেশ দল ম্যাচ জিততে পারেনি।’
বিশ্বকাপের পর ১৫টি ওয়ানডে খেললেও বড় কোনো ইনিংস না আসায় মিরাজের ফর্ম নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।
মিরাজ বলেন, ‘আমি চিন্তিত নই। মাঝে অনেক গ্যাপ দিয়ে ম্যাচগুলো হয়েছে। সবার প্রত্যাশা থাকে আমি দলকে ম্যাচ জেতাব, সেটি হয়তো নিয়মিত হচ্ছে না। তবে আমি চেষ্টা করছি। আমার কাছে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের জয় বেশি গুরুত্বপূর্ণ।’
দলের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজি উল্লেখ করে মিরাজ আরও বলেন, ‘আমি নিজেকে নিয়ে কখনো ভাবি না। সবসময় চিন্তা করি কীভাবে দলকে জেতানো যায়। ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’
অধিনায়ক হিসেবে মিরাজের ফর্ম নিয়ে দুশ্চিন্তা নেই প্রধান কোচ ফিল সিমন্সেরও। গতকাল সিমন্স বলেছিলেন, ‘আমার মনে হয় না অধিনায়কত্বের চাপে ওর ব্যাটিং খারাপ হচ্ছে। ইদানিং হয়তো ও রান পাচ্ছে না, তবে আমরা ওর সামর্থ্য সম্পর্কে জানি। সে নেটে কঠোর পরিশ্রম করছে। আশা করি খুব দ্রুতই ও নিজের পুরনো ফর্মে ফিরে আসবে।’

স্পোর্টস ডেস্ক