প্রতি বছর নির্বাচিত প্রার্থীদের সম্পদের হিসাব তুলে ধরা হবে : ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে যারা নির্বাচিত হবেন প্রতি বছর তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দেশের জনগণের সামনে তুলে ধরা হবে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গৃহে, চলাচলে এবং কর্মস্থলে নিরাপত্তাসহ যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ হবে একটি ফুলের বাগান।
জামায়াত আমির বলেন, বাংলাদেশে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয় বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে। আগামী ১২ তারিখ দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি ২৪ হাজার ছেলেমেয়ের পঙ্গুত্ব বরণের পরের নির্বাচন। এটি আয়নাঘরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনার নির্বাচন। এই নির্বাচনে দুইটা ভোট হবে, প্রথম ভোট সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে।
জামায়াতের আমির আরও বলেন, আমরা কেবল জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা বিজয় চাই ১৮ কোটি মানুষের। আমাদের অঙ্গীকার যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজের ব্যবস্থা করে দেওয়া। আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নের জন্য স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেললাইন, নদী ভাঙন রোধ এবং মেডিকেল কলেজ স্থাপনসহ সব যৌক্তিক দাবি পূরণ করা হবে। জামায়াতের প্রার্থী যারা নির্বাচিত হবেন প্রতি বছর তার এবং তাদের পরিবারের আর্থিক হিসাব জনগণের সামনে তুলে ধরা হবে।
সব শেষে জামালপুরের পাঁচটি আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতের আমির।
জনসভায় জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভুইয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ আলী, জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল প্রমুখ বক্তব্য দেন। নির্বাচনি সভায় ১১ দলীয় নেতাকর্মীসহ বিপুল সাধারণ মানুষ উপস্থিত ছিল।

আসমাউল আসিফ, জামালপুর