১১ দলীয় ঐক্য ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এবারের নির্বাচনের মাধ্যমে দুর্নীতি চিরতরে বন্ধের সুযোগ রয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তৈয়্যবিয়া আলিম মাদ্রাসা মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ডা. তাহের বলেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচনে গুণগত পার্থক্য রয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরে এ দেশে অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই ক্ষমতায় এসেছে, তারাই দুর্নীতি করেছে। সরকারের নামে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারা বিশ্বে টানা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি চিরতরে বন্ধের সুযোগ রয়েছে।
ডা. তাহের আরও বলেন, আমাদের ১১ দলীয় ঐক্যে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামী সমমনা প্রায় সব দলই রয়েছে। সারা দেশে ১১ দলীয় ঐক্যের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ যোগ্য ও ভালো মানুষদের ভোট দিবে। ১১ দলীয় ঐক্য ক্ষমতা গ্রহণ করলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। নির্বাচনে জোট বিজয়ী হলে চির দিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।
শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. নুরুল বাহার মেম্বার ও জামায়াতনেতা শেখ আহম্মেদের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জামায়াতের কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, পৌর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম। বক্তব্য দেন খিরনশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ইকবাল হোসেন সালেহী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সালাম মোহন, মাওলানা মোজাম্মেল মনোয়ার, শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মু. বেলাল হোসাইন, ইউনিয়ন জামায়াতনেতা আহসান উল্লাহ, কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আবদুল জলিল মাদানীসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)