যারা কখনো নির্বাচন করে নাই, তারা কী করে বলে নিশ্চিত জিতবে : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ৭৭ সাল থেকে আমি এ এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনো নিশ্চিত করে বলতে পারিনি আমি জয়লাভ করবো। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এখনো বলতে পারবো না, আমি নিশ্চিত জয়ী হবো। অথচ, যারা কখনো নির্বাচন করে নাই, জনসম্পৃক্ততা নেই, নিজ এলাকায় পরিচিত নয়, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনোই জড়িত ছিল না, তারা কী করে বলে নিশ্চিত জিতবে?
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেলে তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনি ও এর আশ-পাশের মার্কেট এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, যারা কখনোই জয়ী হবার কথা নয়, তারা নাকি জিতেই আছে। এতে আমি সন্দিহান, তারা নির্বাচনে কারচুপি করবে, কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা করছে।
নারীসমাজকে নিয়ে সম্প্রতি জামায়াত আমিরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, তিনি এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন। উনি অভিজ্ঞ ও বিজ্ঞ লোক। বেসিক্যালি উনি জাসদ করতেন। তিনিসহ সিনিয়র তিনজনই অন্য দল থেকে জামায়াতে এসেছেন। উনারা জামায়াতে এসে ভাবসাব এমন- এমনকিছু না বললে মানুষ কীভাবে বুঝবে তারা জামায়াত করে। তাই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার মতো সাহস পায়।
মির্জা আব্বাস আরও বলেন, যদিও তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ের মধ্যে ফেরত পাওয়া যায় আমি জানতাম না।

নিজস্ব প্রতিবেদক