প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৬ পরীক্ষার্থী
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে গাফিলতির অভিযোগে এক পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুজনকে বহিষ্কার করা হয়েছে—একজন ঢাকা বোর্ড এবং অপরজন দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার প্রথম দিনে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অসদুপায় অবলম্বনের কারণে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
অপরদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী। এই বোর্ডে কোনও পরীক্ষার্থী বহিষ্কৃত না হলেও দায়িত্ব যথাযথভাবে পালন না করায় একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক