ভারত ভোট কারচুপিতে সহযোগিতা করতে চায় : নাহিদ ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, অতীতের মতো এবারও নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে চায়।
এনসিপির আহ্বায়ক আরও অভিযোগ করেন, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বাড়ছে। কিছু বিদেশি পক্ষ প্রকাশ্যে বিএনপির পক্ষে বক্তব্য দিচ্ছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় নির্বাচনি প্রচারে অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে পরিকল্পিতভাবে।
এ সময় নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম নানা জায়গায় অর্থের বিনিময়ে নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে পুরো নির্বাচনি পরিবেশ প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা-১৪ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ চালান। এ সময় তিনি বলেন, দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্ষমতায় এলে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক