অস্ত্র-গোলাবারুদসহ লক্ষ্মীপুরে দুই যুবক আটক
লক্ষ্মীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ দুই যুবককে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরের সীমানাবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু তথ্যটি নিশ্চিত করেন।
আটক দুই যুবক হলেন–মো. ইমরান ও মো. সজিব।
সেনাবাহিনী জানায়, আটকদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র এবং একটি বিপি জব্দ করা হয়েছে। আটক ইমরান হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। উদ্ধারকৃত আলামতসহ আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর