জামায়াত ‘ইসলামী দল’ নয় : রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। জামায়াতসহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এর পরও কেউ যদি জামায়াত ইসলামকে ইসলামী দল বলে আমি বলব তারা বোকার স্বর্গে বাস করে।’
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ােরি) ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এ মন্তব্য করেন।
চরমোনাইর পীর বলেন, ‘২০২৪ সালে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দিব, এই লক্ষ্য ও উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করছিলাম অনেক ইসলামি দল প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকল তার সাথে আর কিছু দল আসল। যখন সারা দেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলামপ্রেমিকের পরিবর্তে ক্ষমতাপ্রেমিকরা এখানে ছোবল দিল। ’
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, ‘গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগমপাড়া।’
চরমোনাইয়ের পীর আরও বলেন, এ দেশ আলেম ওলামার দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না তা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি কিন্তু আমরা একা নই। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। আলেমরা সঙ্গে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলামপ্রেমিরা সঙ্গে রয়েছেন।’
ইসলামি আন্দোলন ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।

কে এম সবুজ, ঝালকাঠি