একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। হাজারো মানুষের আত্মাহুতির বিনিময়ে ২৪-এ স্বৈরাচার মুক্ত হয়েছে। এর মূল উদ্দেশ্যই ছিলো বাকস্বাধীনতা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ। কিন্তু একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে গণসংযোগ এবং পাঁচদোনায় পৃথক দুটি উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি একটি জননির্ভরশীল দল। কখনোই অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বা ভোট কারচুপি করে রাষ্ট্রক্ষমতায় আসেনি। যাদের গণভিত্তি নেই তারাই অন্ধকার পথ বেছে নেয়। সম্প্রতি দুই-একটি দলের কথায় আমি শঙ্কিত। তারা যে ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করছেন তা শিষ্টাচারের মধ্যে পড়ে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, উল্টোপাল্টা বললে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের পালস্ বুঝতে হবে। বিএনপি একটি পরিক্ষিত রাজনৈতিক দল। বিএনপি আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল একদিনেই হয়নি।
মঈন খান বলেন, গণতন্ত্রের জন্য হাজারো নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে। লাগাতার দেড়যুগ ফেরারী জীবন কাটিয়েছে। তাই আগে জনগণকে ভালোবাসতে শিখুন, মার্জিত ভাষায় কথা বলুন এবং জনগণের বন্ধু হতে চেষ্টা করুন।

নিজস্ব প্রতিবেদক