শহীদ ওসমান হাদি স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা
ফরিদপুরে শহীদ ওসমান হাদির স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে অ্যান্টি ফ্যাসিস্ট দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় শহীদ ওসমান হাদির আত্মত্যাগ ও সাংস্কৃতিক সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে অনুষ্ঠানে গান, বিদ্রোহী কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা শহীদ ওসমান হাদির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এ সময় কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কাজী জেবা তাহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান, আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব আনিসুর রহমান সজল, সিনিয়র আহ্বায়ক এনামুল চৌধুরী, সহমুখপাত্র নাঈমুল ইসলাম, মোহাম্মদ সোহেল, সাজ্জাদ হোসেন, হাসনাইন আল কাফি প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর