বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি আজ খুব ভালো আছি। বহু বছর পর নানির বাড়ি আসছি। আলহামদুলিল্লাহ। নাতি যে এসেছে, নাতিকে কিছু একটা দিতে হবে, তাই না? কী দেবে নানিবাড়ির লোক। ভোট দেবেন। কিসে ভোট দেবেন, ধানের শীষে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুরে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, আজকের এই বিশাল নির্বাচনি জনসভায় আমরা সবাই একত্রিত হয়েছি, এই যে সামনের ১২ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। এই মঞ্চের পাশে ১৩টি পরিবারের মানুষ বসে আছে। তাদের স্বজনরা বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। গত ১৬ বছরে আমাদের বহু নেতাকর্মী অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য। আজ আমাদের সামনে সেই সুযোগ এসেছে।
তারেক রহমান আরও বলেন, আমরা এই এলাকার মুসলমান, হন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাইল মিলে ১২ তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। এই নির্বাচনে শুধু ভোট দিলেই হবে না, আমাদের আরেকটি লক্ষ্য আছে—সেটি হলো দেশ পুনর্গঠন। বিগত ১৬ বছর সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। অতীতে আমরা দেখেছি, ধানের শীষ যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ধানের শীষ চেষ্টা করেছে এলাকার উন্নয়ন করতে স্লুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে। ধানের শীষ নারীদের শিক্ষার ব্যবস্থা করতে চেষ্টা করেছে। নেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চেষ্টা করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক