নির্বাচন ঘিরে সাতক্ষীরাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ৩৫ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ, ভোটারদের আস্থা অর্জনের উপযোগী পরিবেশ তৈরী এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিজিবি কাজ করছে বলে জানিয়েছেন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গত ২৯ জানুয়ারি হতে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ১৬টি ক্যাম্প স্থাপনের মাধ্যমে ৩৫ প্লাটুন (প্রায় ৭০০) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপনসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রায় ৬০টি সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় অর্ধ-শতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা পরিচালনা করা হয়। বিজিবি নিজস্ব অস্ত্র ছাড়াও সম্ভাব্য হুমকি প্রতিরোধে ড্রোন, কে-৯ ডগ স্কোয়ার্ড, বডি ওর্ন ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়োট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্রসহ দায়িত্ব পালন অব্যাহত রেখেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আধিপত্য বিস্তার এবং জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সদস্যরা সবসময় নিরবচ্ছিন্ন টহলের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে। বিজিবির দায়িত্ব পালনে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা হতে ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহায়তা প্রদান করে আসছেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক গণসমাবেশে নিরাপত্তা ব্যবস্থায় বিজিবির বিশেষ দল দায়িত্ব পালন করছে। প্রশাসনিক দায়িত্ব ছাড়াও সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারীরা যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা