মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের চালক-হেলপার নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, রাত আড়াইটার দিকে যশোর থেকে কাঁচামাল বোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। সিরাজদিখানের নিমতলা আন্ডারপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সুজন (৩৭) নিহত হন। আহত হেলপার ইছারুলকে (২৫) দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহত দুজনের মরদেহ থানায় রয়েছে। দুর্ঘটনার পরপরই অজ্ঞাত গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ