ডিআর কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) আঞ্চলিক মেয়রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কিনশাসার উত্তরাঞ্চলীয় লিংওয়ালা পৌরসভার একটি ভবনে গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। আগুন শনিবার ভোর পর্যন্ত জ্বলতে থাকে। অগ্নিকাণ্ডের পর ভবনে উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে একযোগে বের হওয়ার চেষ্টা করলে সরু করিডোরগুলোতে প্রচণ্ড ভিড় ও হুড়োহুড়ি তৈরি হয়। পরবর্তীতে কয়েকজনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়, যাদের মধ্যে অনেকে ঘটনাস্থলেই মারা যান।
লিংওয়ালার মেয়র নরবার্ট মুশিঙ্গা কঙ্গোলিজ প্রেস এজেন্সিকে জানান, প্রাথমিক তথ্যানুযায়ী নিহতের সংখ্যা ২২ জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর শনিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ডিআর কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি। পরিদর্শন শেষে তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, কিনশাসার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুষ্ক মৌসুমে কঙ্গোতে অগ্নিকাণ্ডের প্রবণতা বেশি দেখা যায় এবং চলতি বছরও সেখানে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এনটিভি অনলাইন ডেস্ক