নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে শিশুকন্যাসহ মায়ের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে মর্জিনা বেগম নামে এক নারী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের মন্তাজ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মন্তাজের পূত্রবধূ আতিয়া (২৭), দেড় বছরের নাতনি রওজা ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মন্তাজের স্ত্রী মর্জিনাকে (৬৫)। অগ্নিকাণ্ডে পুরো বাড়ি ও একটি দোকান ভস্মীভূত হয়েছে। গোয়ালঘড়ে পুড়ে মারা যায় ১২টি ছাগল। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানিয়েছেন, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।

হালিম খান, নাটোর