অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসির ভিজিল্যান্স টিম গঠন
জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত এবং জনগণের কাছে এর নিরপেক্ষতা দৃশ্যমান করতে জেলা ও মেট্রোপলিটন এলাকায় ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানায়, জেলা ও মেট্রোপলিটন এলাকায় রিটার্নিং অফিসারের নেতৃত্বে বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ের দলনিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এ টিম গঠন করা হয়েছে।
উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বেও ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করা হয়েছে।
এ ছাড়া রিটার্নিং অফিসারের নেতৃত্বে সহকারী রিটার্নিং অফিসার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন মনিটরিং টিম গঠন করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডে সমন্বয় ও সুসংহতকরণের লক্ষ্যে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপতথ্য পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য পৃথক আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলও গঠন করা হয়েছে। এ সেলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)