নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং
নরসিংদীর মনোহরদীতে নাতির সঙ্গে যেকোনো ধরনের আর্থিক লেনদেন বা টাকা ধার না দেওয়ার অনুরোধ জানিয়ে এলাকাজুড়ে মাইকিং করিয়েছেন দাদা করম আলী ব্যাপারী। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় এ ঘটনা ঘটে।
মাইকিংয়ে বলা হয়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে সকল এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে যেন নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কেউ বাকিসহ কোনো প্রকার আর্থিক লেনদেন না করেন। এই সতর্কবার্তা দেওয়ার পরও যদি কেউ তার সঙ্গে লেনদেন করেন, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন বলেন, নাতি মাহাবুব বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা ধার এনে পাওনাদারদের দায় দাদার ওপর চাপিয়ে দিতেন। এতে অতিষ্ঠ হয়েই করম আলী এমন ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। মাহাবুব মাদকের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করলেও অন্য কোনো অপরাধে তার সম্পৃক্ততার খবর মেলেনি।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী