ইইউ প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাত পোহালেই বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন ঘিরে নাটোরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের উপস্থিতিতে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুম থেকে নাটোর-২ আসনের নির্বাচনি সরঞ্জাম বিতরণের কাজ শুরু হয়। এ সময় ইইউর দুজন পর্যবেক্ষক সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাটোর-২ আসনের ১৫৬টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ কড়া পুলিশি পাহারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আরিফ আদনানের কাছ থেকে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী বুঝে নিয়েছেন। নাটোর জেলার চারটি আসনের মোট ৫৬৬টি ভোটকেন্দ্রের জন্য কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর সুরক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীসহ মোট ১০ হাজার ১৭১ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
নাটোর জেলা রিটার্নিং অফিসার আসমা শাহীন জানিয়েছেন, জেলার প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানোর কাজ দ্রুততার সাথে শেষ করা হচ্ছে। দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আজ বিকেল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

হালিম খান, নাটোর