কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, মাঠে সেনাবাহিনী ও সিসি ক্যামেরা
রংপুরের পীরগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল-স্ট্যাম্প ও ভোটার তালিকাসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে পৌঁছে দায়িত্ব গ্রহণ করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার-ভিডিপি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ৪২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে বডি-ওয়ার্ন ক্যামেরাসহ ৩ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯টি পুলিশ টহল টিমের পাশাপাশি ১ প্লাটুন র্যাব, ২ প্লাটুন বিজিবি এবং ৩ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়া ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। গোয়েন্দা নজরদারিতে সক্রিয় থাকবেন ডিএসবি, ডিবি, এনএসআই ও ডিজিএফআই-এর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন বলেন, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলার ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)