গোবিন্দগঞ্জে ১৪২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনি সরঞ্জাম
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটাররা আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কড়া প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। সরঞ্জামগুলো ইতোমধ্যে স্ব-স্ব কেন্দ্রে পৌঁছেছে।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এই আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬২৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ জন এবং ১০ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। পুরো নির্বাচনি এলাকায় মোট ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে সর্বোচ্চ ১২টি কেন্দ্র রয়েছে দরবস্ত ইউনিয়নে। এছাড়া তালুককানুপুরে ১০টি; কাটাবাড়ী, হরিরামপুর, কোচাশহর, মহিমাগঞ্জ ও পৌরসভায় ৯টি করে; রাখালবুরুজ ও গুমানিগঞ্জে ৮টি করে; কামদিয়া, নাকাই, শিবপুর ও শালমারায় ৭টি করে এবং শাখাহার, শাপমারা ও ফুলবাড়ীতে ৬টি করে কেন্দ্র রয়েছে। রাজাহার ইউনিয়নে ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)