ঝালকাঠিতে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন, ২৩৭ কেন্দ্রে সিসিটিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সকল ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটগ্রহণকে সামনে রেখে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জেলার ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বুধবার সকালে উপজেলার ৭৭টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়। একইভাবে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের ৯০টি এবং সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের ১৩৭টি কেন্দ্রেও সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেন। পরে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুই আসনে মোট ২৩৭টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে, অস্থায়ী কেন্দ্র নেই। মোট ভোটকক্ষ ১ হাজার ৩৩৫টি, যার মধ্যে ১ হাজার ২৪৯টি স্থায়ী এবং ৮৬টি অস্থায়ী। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন, নারী ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। উপজেলা ভিত্তিতে রাজাপুরে ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন, সদর উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ৫৩৫ জন এবং নলছিটিতে ১ লাখ ৭৬ হাজার ৮৬১ জন ভোটার রয়েছেন। গড়ে প্রতি কেন্দ্রে প্রায় আড়াই হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ ও ৫০টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ২৩৭টি কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে গণভোট ও সাধারণ ভোটের ব্যালটসহ সব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। বিকেলের মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে গেছে। সংশ্লিষ্টদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জেলার দুই আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসিটিভি স্থাপন এবং সরঞ্জাম বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত দিনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)