যশোরে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন, সব কেন্দ্রে সিসি ক্যামেরা
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যশোরের ছয়টি সংসদীয় আসনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ভোটগ্রহণের সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
যশোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশেক হাসান জানান, জেলায় এবারই প্রথমবারের মতো শতভাগ (৮২৪টি) ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৭১টি ‘অতি গুরুত্বপূর্ণ’ এবং ৩০২টি ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ নজরদারির অংশ হিসেবে ‘অতি গুরুত্বপূর্ণ’ কেন্দ্রের পুলিশ সদস্যদের শরীরে থাকবে ‘বডি ক্যামেরা’।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোরের ৬টি আসনে মোট ভোটার ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ এবং নারী ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন। এছাড়া ২৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ৮২৪টি কেন্দ্রের ৪ হাজার ৬৭৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তথ্যমতে, যশোর-৫ (মণিরামপুর) আসনে সবচেয়ে বেশি ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র রয়েছে। এখানে ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯৩টিই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। এরপরেই রয়েছে যশোর-১ (শার্শা) আসন, যেখানে ১০২টি কেন্দ্রের অর্ধেকই গুরুত্বপূর্ণ।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশসহ ১৩ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ থাকবে। এছাড়া নির্বাচনি কাজে ১৫ হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকছেন।

সাইফুল ইসলাম সজল, যশোর