বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা : পুলিশ
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগের ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ব্যাগ ভর্তি টাকা গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে সকাল ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর যান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেছেন, এই টাকা তার ব্যবসার কাজের। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এদিকে, আটক হওয়ার পর অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে রংপুরে স্থানান্তর করা হয়। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও