টাকা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীর জেল
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)। তারা সবাই মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকার বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি মাইক্রোবাসে করে ওই তিনজন মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চরগোলাবাড়ী এলাকায় তাদের আটক করেন। পরে কয়ড়া বাজারে নিয়ে গিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি এ রায় প্রদান করেন।
স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, পুরো বিষয়টি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। যারা আমাদের কর্মীদের আটক করেছে, তারা এর আগেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, যা নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা আছে। তিনি আরও অভিযোগ করেন, তার নির্বাচনি এজেন্ট নিয়োগেও নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে অর্থ বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
আসমাউল আসিফ, জামালপুর