মানি লন্ডারিং মামলায় এনু ও রুপনের ১০ বছরের কারাদণ্ড
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক নূরে আলম ভূঞা এই রায় ঘোষণা করেন। এদিকে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট সহযোগীকে খালাস দিয়েছেন আদালত।
বিচারক রায়ে আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা আড়াল করার জন্য গোপনে হেফাজতে রাখার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি র্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপন ও তাদের ৮ সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আদালত প্রতিবেদক