‘ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে দাঁড়িয়েছি’
ব্যাপক উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়। তবে দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত কয়েকটি কেন্দ্রে দেখা যায় ভোর থেকে কেন্দ্রে লাইনে ধরে দাঁড়িয়ে আছেন ভোটাররা।
এ বিষয়ে কথা হয়, ডেমরা ৫ আসনে সাঁমসুল হক খান স্কুলের ভোট দিতে আসা জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়েছি। কোন শঙ্কা নেই। ভোট সুন্দর ভাবে হচ্ছে।
রফিক নামে অপর ভোটার বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই এনআইডি কার্ড নিয়ে কেন্দ্রে পৌঁছেছি। ভোট দিতে পেরে আনন্দিত ‘
এছাড়া রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল ৭টার পর থেকেই ভোটারদের প্রাণবন্ত উপস্থিতি দেখা গেছে।
দক্ষিণ সিটির শনি আখড়ার কয়েকটি কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। এখানে ভোট দিতে আসা হাসান নামের এক ভোটার নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘চমৎকার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছি। অনেক ভালো লাগছে।’
এদিকে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ নিরাপত্তা ছাড়াও বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ এবং ক্রাইম সিন ভ্যান স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহলে আছেন।

নিজস্ব প্রতিবেদক