স্বজনের কাঁধে ভর করে ভোট দিলেন ১১০ বছর বয়সী হাফিজুর
শরীরে বয়সের শত ভাঁজ, দৃষ্টি ঝাপসা, আর প্রতিটি কদম যেন এক একটি হিমালয় জয়ের সমান—তবুও দমে যাননি ১১০ বছর বয়সী হাফিজুর রহমান।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্বজনদের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন এই শতায়ু বৃদ্ধ। তাঁর এই অদম্য ইচ্ছা ও দৃঢ়তা কেন্দ্রে উপস্থিত ভোটার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝেও ব্যাপক কৌতূহল ও অনুপ্রেরণার সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের সহায়তায় হাফিজুর রহমান কেন্দ্রে আসেন। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। এ সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।
হাফিজুর রহমানের সঙ্গে থাকা স্বজনরা জানান, বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেওয়ার ব্যাপারে হাফিজুর রহমান ছিলেন অনড়।
ভোট প্রদান শেষে হাফিজুর রহমান বলেন, ভোট দেওয়া আমার অধিকার। যতদিন বেঁচে আছি, ততদিন দেশের জন্য দায়িত্ব পালন করে যেতে চাই। তাঁর কণ্ঠে ছিল আনন্দ ও গর্বের সুর।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রবীণ এই ভোটারের উপস্থিতি অন্যদেরও উৎসাহিত করেছে। তরুণ ভোটাররাও তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বলে মন্তব্য করেন অনেকে।
স্থানীয়দের মতে, হাফিজুর রহমানের এই অংশগ্রহণ প্রমাণ করে গণতন্ত্রের চর্চায় বয়স কোনো বাধা নয়। তাঁর মতো প্রবীণ নাগরিকের আগ্রহ ও সচেতনতা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)