দেশটা সবার, সবাই মিলেই এই দেশকে গড়ব : মোসাদ্দেক আলী
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় রাজধানীর শাহজাহানপুরস্থ বাসভবনের নিকটবর্তী মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক আলী নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আজকে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। যদি সব সময় এমন শান্তিপূর্ণ ভোট হয় এবং সকল রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, তবে তা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
এনটিভি চেয়ারম্যান আরও আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশে এমন একটি সুন্দর পরিবেশ বজায় থাকবে যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবেন।
দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে মোসাদ্দেক আলী বলেন, সবাই মিলেই আমাদের এই দেশকে গড়ব। আমরা আশা করি, কোনো অবস্থাতেই যেন আমরা হিংসাত্মক কোনো কাজে না যাই। দেশটা সবার, আর সবার আগে বাংলাদেশ। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।
ভোট শেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
এদিন সকাল থেকেই রাজধানীর শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক