এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি : ইসি সানাউল্লাহ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে সপরিবারে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, কেউ ভোট দিতে আসতে বাধাগ্রস্ত হচ্ছেন বা ভোট দিতে আসতে চাচ্ছেন না এমনটা নেই।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দেন ইসি সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, আমি সপরিবারে ভোট দিতে এসেছি। সত্যিকার অর্থে সারাজীবন চাকরি করেছি ভোট দেওয়ার সুযোগ হয়নি। প্রথমবারের মতো ভোট দিলাম। আমার পরিবারে এসেছেন। আমার গ্র্যান্ডস সানকে আপনারা দেখেছেন। তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমি দেখলাম প্রথম ঘণ্টায় ১৫০ জন ইতোমধ্যে এই কেন্দ্রে ভোট দিয়েছেন। আমি এজেন্টদের সঙ্গে কথা বললাম। তারাও অত্যন্ত সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে। যেভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন। সারাদেশেই আমি যে প্রাথমিক ফিডব্যাক পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে ভোট হচ্ছে।
ইসি বলেন, গ্রামাঞ্চলেও আমরা যেটা খবর পাচ্ছি- কোনো কোনো জায়গায় ইতোমধ্যে প্রচুর ভোটারদের ভিড় রয়েছে। তবে জেনারেল স্পিকিং, আমরা আজ এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। কেউ ভোট দিতে আসতে বাধাগ্রস্ত হচ্ছেন বা ভোট দিতে আসতে চাচ্ছেন না এমনটা নেই।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)