ভোটকেন্দ্রের সামনে নগদ টাকাসহ আটক ১
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ভোটকেন্দ্রের সামনে থেকে ৭৯ হাজার টাকাসহ শরীফ হাসান (৫৫) নামে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে আটক করেছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ওই কেন্দ্রের সামনে শরীফ হাসানের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) সহিদুর রহমান জানিয়েছেন, আটকের পর তাকে তাৎক্ষণিক দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ জানান, নির্বাচনি বিধিমালার ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তবে এই ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছেন চুয়াডাঙ্গা জেলা ওলামা জামায়াতের সভাপতি শুকুর আলী। তার দাবি, উদ্ধারকৃত টাকাগুলো ভোটারদের প্রভাবিত করার জন্য নয়, বরং নির্বাচনি দায়িত্ব পালনকারী কর্মীদের খাবার খরচ ও যাতায়াত ভাড়ার জন্য তার কাছে ছিল।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা