‘ভোট দিতে পেরে চাপা কষ্ট দূর হয়ে গেছে’
রাজধানীর ডেমরা যাত্রাবাড়ী এলাকার-৫ আসনে সামসুল হক খান স্কুল এন্ড কলেজে ৬টি কেন্দ্রে সকাল থেকে সারিবদ্ধভাবে ভোট দিয়েছেন ভোটাররা।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভোট দিতে ৯২ বছর বয়সী মোহাম্মদ আলী নাতির কাঁধে হাত রেখে কেন্দ্রে আসেন। ভোট দিতে এসে তিনি বলেন, আমি গত ২০ বছর ভোট দিতে পারিনি। আগে এরশাদ খালেদা জিয়ার সময়ে ভোট দিয়েছি। এতদিন পর ভোট দিতে পেরে বুকের ভেতর চাপা কষ্ট দূর হয়ে গেছে।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ আলী বলেন, আমার অধিকার থেকে এতদিন বঞ্চিত করা হয়েছে। আমি অধিকার প্রয়োগ করতে পেরে অনেক খুশি।
একই কেন্দ্রের ভোট দিতে আসা মিজানুর রহমান বলেন, আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভোট দিতে পেরে আজ খুব ভালো লাগছে। আমার প্রত্যাশা নির্বাচনে যে-ই জয়ী হোক না কেন, সে যেন দেশ ও সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করে।
আজ সকাল থেকেই ঢাকা-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় সকালের দিকে পুরুষ ভোটারদের তুলনায় নারী ও বয়োজ্যেষ্ঠ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় তদারকিতে এখন পর্যন্ত এই এলাকার নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক