‘আগে ভোট পরে বিয়ে’, বরের সাজে কেন্দ্রে সামিউল
নিজের জীবনের বিশেষ মুহূর্তকেও দেশের প্রতি কর্তব্যের পালনে অনন্য নজির স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের সামিউল ইসলাম। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে সরাসরি ভোটকেন্দ্রে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
নীলফামারী-৪ আসনের এই যুবকের এমন উদ্যোগ তরুণ সমাজের মাঝে এক দায়িত্বশীল নাগরিকতার বার্তা পৌঁছে দিয়েছে।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা সামিউল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। আজ ছিল তার বিয়ের নির্ধারিত দিন। তবে জীবনের এই আনন্দময় দিনটির চেয়েও নাগরিক দায়িত্ব পালনকে তিনি অধিক গুরুত্ব দিয়েছেন। বরের সাজে সজ্জিত হয়ে দুপুরে সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। ৩২ বছর বয়সী এই যুবককে বরের বেশে কেন্দ্রে দেখে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
ভোট প্রদান শেষে সামিউল ইসলাম বলেন, ভোট শুধু সাংবিধানিক অধিকার নয়, এটি একজন নাগরিকের প্রধান দায়িত্ব। আজকের এই দিনটি আমার ব্যক্তিগত জীবনের অত্যন্ত আনন্দের দিন হলেও, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া আমার কাছে সবার আগে। তাই আমি মনস্থির করেছিলাম, বিয়ের পিঁড়িতে বসার আগে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেব।
সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও স্থানীয় ভোটাররা সামিউলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। নীলফামারী-৪ আসনের ১৬৯টি কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৬৪৯ জন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৪২৭ জন।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী