রাজবাড়ীর দুই আসনেই বিএনপির জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনেই বড় জয় পেয়েছে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
রাজবাড়ী-১ (সদর–গোয়ালন্দ) : এই আসনে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। খৈয়ম এর আগে ২০০১ সালেও একই আসন থেকে সংসদ সদস্য ছিলেন এবং রাজবাড়ী পৌরসভার টানা তিনবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) : এই আসনে বিএনপির নতুন মুখ ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যজোটের (এনসিপি) প্রার্থী জামিল হিজাজী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. নাসিরুল হক সাবু (কলস) পেয়েছেন ৩৬ হাজার ৩ ৩৮ ভোট। হারুনের এই জয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
একই দিনে অনুষ্ঠিত গণভোটেও রাজবাড়ীর দুটি আসনেই ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। রাজবাড়ী-১ আসনে ১ লাখ ৫৭ হাজার ৫২৫ জন এবং রাজবাড়ী-২ আসনে ২ লাখ ৭ হাজার ৬২৫ জন ভোটার ‘হ্যাঁ’ পক্ষে মত দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানিয়েছেন, প্রশাসনের কড়া নজরদারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মো. কবির হোসেন, রাজবাড়ী