হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন আনন্দঘন ও বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটি উৎসবমুখর পরিবেশে পালন করা হয়।
অনুষ্ঠানে হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সালমান ওমর রুবেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এবং হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান।
অনুষ্ঠানের আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুধীজনরা দেশের গণমাধ্যমে এনটিভির দুই দশকেরও বেশি সময়ের গৌরবময় অবদানের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তারা আগামী দিনেও চ্যানেলটির বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অনন্য ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
জমকালো এই আয়োজনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত, প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. সাকেরউল্লাহ, ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি মোহাম্মদ নাদিম আহেদ, হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আবু সালেহ এবং ওয়াহিদুল হক। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। পরিশেষে এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মানিক চৌধুরী, ময়মনসিংহ (হালুয়াঘাট-ধোবাউড়া)