মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক নিহত
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্রপ্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।
নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। এ ঘটনায় আহত বাবা মাফিক নায়েব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক মো. জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালাগাল করেন। একপর্যায়ে তারা জসিম নায়েবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
নিহত জসিম নায়েবের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক আমাদের বাড়িতে এসে আমর ভাইকে গালাগাল করে। একপর্যায়ে তারা আমার ভাইকে বেধড়ক মারধর করেন। ওই হামলার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-গজারিয়া) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি আমরা শুনেছি এবং তা খতিয়ে দেখা হচ্ছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ