মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপি : তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় গণতন্ত্রপ্রিয় বাংলাদেশিদের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। জনগণের আস্থা নিয়ে রাষ্ট্র সংস্কার ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপি।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বিনিময় কাঠামো, পেশাগত অনিশ্চয়তা এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও নতুন আশার যাত্রা শুরু হচ্ছে। দীর্ঘ সময় পর দেশের মানুষ আবার সরাসরি ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠার সুযোগ পাচ্ছে।
তারেক রহমান বলেন, কোনো অপশক্তি যাতে দেশে আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদসহ অন্যান্য দলকে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকার ও বিরোধী দল—উভয় পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
বিএনপি চেয়ারম্যান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। একইসঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যমের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করে তারেক রহমান বলেন, জনগণের আস্থা নিয়ে রাষ্ট্র সংস্কার ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপি। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত থাকা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।
আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং দেশবাসী ও প্রবাসীদের ধন্যবাদ জানান।
তারেক রহমান বলেন, আর কোনো অপশক্তি যেন ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে না পারে, সে লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চাই। জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ভোটের মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক করেন তিনি।
এ ছাড়া দেশ পরিচালনায় ভিন্ন দল ও মতের সহযোগিতা কামনা করেন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক