গাইবান্ধার পাঁচ আসনে ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচ সংসদীয় আসনের ৪০ প্রার্থীর মধ্যে ২৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নির্বাচনি বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়। সেই হিসাবে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে ২৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ জেলায় বিএনপি-জামায়াত ও বাম দলসহ স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নেন। তবে ভোটের মাঠে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন এই ২৮ জন প্রার্থী।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) : এই আসনে জামানত হারিয়েছেন পাঁচজন। তারা হলেন—হাতপাখা প্রতীকের রমজান আলী, কাঁচি প্রতীকের পরমানন্দ দাস, প্রজাপতি প্রতীকের কওছর আজম হান্নু, কলস প্রতীকের ছালমা আক্তার ও ঢেঁকি প্রতীকের প্রার্থী মোস্তফা মহসিন।
গাইবান্ধা-২ (সদর) : সদর আসনে জামানত হারানো পাঁচ প্রার্থী হলেন—লাঙল প্রতীকের আব্দুর রশীদ সরকার, হাতপাখা প্রতীকের মোহাম্মদ আব্দুল মাজেদ, কলম প্রতীকের শাহেদুর জাহান, কাস্তে প্রতীকের মিহির কুমার ঘোষ ও কাঁচি প্রতীকের আহসানুল হাবীব সাঈদ।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) : এই আসনে সর্বোচ্চ আটজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন—লাঙল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এ টি এম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীকের আজিজার রহমান।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) : গোবিন্দগঞ্জে জামানত হারানো চারজন হলেন—লাঙল প্রতীকের কাজী মশিউর রহমান, হাতপাখা প্রতীকের সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, কোদাল প্রতীকের আতোয়ারুল ইসলাম ও মোটরসাইকেল প্রতীকের আব্দুর রউফ আকন্দ।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) : এই আসনে মোট ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন—লাঙল প্রতীকের শামীম হায়দার পাটোয়ারী, হাতপাখা প্রতীকের আজিজুল ইসলাম, কাঁচি প্রতীকের রাহেলা খাতুন, কাস্তে প্রতীকের শ্রী নিরমল, ঘোড়া প্রতীকের মেহেদী হাসান বিদ্যুৎ ও মোটরসাইকেল প্রতীকের এইচ এম গোলাম শহীদ রনজু।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা