কুড়িগ্রাম-১ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
এই আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারি রনি, জাকের পার্টির আব্দুল হাই এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কুড়িগ্রাম-১ আসনে মোট ৩ লাখ ৫৩ হাজার ৭৮৭টি বৈধ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৮০৭ ভোট।
অন্যদিকে, জাকের পার্টির প্রার্থী গোলাপ ফুল প্রতীকে ২ হাজার ৯০৭ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকে পেয়েছেন মাত্র ২৩১ ভোট। উল্লেখ্য, গণঅধিকার পরিষদের প্রার্থী গত ৮ ফেব্রুয়ারি জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা জানান, বিধি মোতাবেক প্রদত্ত ভোটের ন্যূনতম লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি এবং গণঅধিকার পরিষদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আইনি প্রক্রিয়ার ফলে সংশ্লিষ্ট প্রার্থীরা তাদের জমা দেওয়া জামানতের অর্থ আর ফেরত পাবেন না।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)