অসহায় সেই জালালের পাশে কেশবপুরের ইউএনও
যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামের অসহায় জালাল উদ্দীনের মানবেতর জীবন নিয়ে ‘এনটিভি অনলাইন’-এ সংবাদ প্রকাশের পর দ্রুত সাড়া দিয়েছে উপজেলা প্রশাসন। সংবাদটি নজরে আসার পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাতুন।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইউএনও সরাসরি জালাল উদ্দীনের জীর্ণ কুটিরে উপস্থিত হন। এরপর তিনি জালালের হাতে থাকার ঘর মেরামতের জন্য দুই বান্ডিল ঢেউ টিন, নগদ ছয় হাজার টাকা, ৩০ কেজি চাল এবং শীত নিবারণের জন্য দুটি কম্বল তুলে দেন।
দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্ট ও অবহেলায় দিন কাটানো জালাল উদ্দীন প্রশাসনের এই তাৎক্ষণিক সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘খবরের মাধ্যমে আমার দুঃখের কথা প্রশাসনের কাছে পৌঁছানোয় আমি কৃতজ্ঞ। ইউএনও স্যার নিজে আমার ঘরে এসে সাহায্য দিয়ে গেছেন। এখন আমি শান্তিতে ঘুমাতে পারব।’
ইউএনও রোকসানা খাতুন জানান, গণমাধ্যমের মাধ্যমে জালাল উদ্দীনের কষ্টের কথা জানতে পেরে তিনি সশরীরে এলাকাটি পরিদর্শন করেন এবং সরকারি তহবিল থেকে এই সহায়তা নিশ্চিত করেন। ভবিষ্যতেও এমন অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রশাসন সবসময় সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করে। জালাল উদ্দীনের মানবেতর জীবনযাপনের খবরটি যখন সংবাদপত্রের মাধ্যমে আমার নজরে আসে, তখনই আমি সিদ্ধান্ত নিই তার পাশে দাঁড়ানোর। একজন মানুষ এমন অসহায় অবস্থায় দিন কাটাবে, তা আমাদের কাম্য নয়। আমরা আজ তাকে ঘর মেরামতের জন্য টিন, নগদ অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করেছি। এটি কেবল একটি সরকারি দায়িত্ব নয়, বরং আমাদের মানবিক কর্তব্যও বটে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমি ধন্যবাদ জানাই গণমাধ্যমকর্মীদের, যারা এমন জনদুর্ভোগের চিত্রগুলো আমাদের সামনে তুলে ধরেন। উপজেলা প্রশাসন জালাল উদ্দীনের মতো পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সর্বদা সজাগ থাকবে।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)