ককটেল বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুই কিশোর নিহতের ঘটনায় শরিফ উদ্দীন দুলাল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফ উদ্দীন দুলাল জেলা যুবলীগের সহ-সভাপতি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ফাটাপাড়ার যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল, সেই বাড়ির মালিক কালাম আলীর ভাই দুলালকে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
এই বিস্ফোরণের ঘটনায় গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত সাত জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- চরবাগডাঙ্গার ইউসুফ (৪৫), শাকিল (৩৭) এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার হওয়া বজলুর রহমান (২০), মিনহাজ (২২) ও শুভ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে ককটেল তৈরি করা হচ্ছিল। সে সময় হঠাৎ বিস্ফোরণে শিবগঞ্জের জিহাদ (১৭) ও সদরের আলামিন (১৭) নামের দুই কিশোর নিহত হয়।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ