স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ১৭
জামালপুরের মাদারগঞ্জে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন আহত হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দিনব্যাপী পলিশা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকজন বহিরাগত যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। উপস্থিত লোকজন প্রথমে তাদের শান্ত করার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের কয়েকজনকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। তবে মারমারির পর সবাই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। কয়েকজন আহত হলেও এখনো কারো হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়নি।

আসমাউল আসিফ, জামালপুর