নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি-গাড়ি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ আয়োজনের প্রস্তুতি শেষ করেছে অন্তর্বর্তী সরকার।
অপরদিকে, নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ২৪টি বাংলোবাড়ি ও ১৩টি অ্যাপার্টমেন্ট। একইসঙ্গে তাদের জন্য ৩৭টি গাড়িও প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তরের অধীনস্থ পরিবহণ পুল।
মিন্টো রোড, হেয়ার রোড, ধানমণ্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে। বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা যেসব বাড়িতে বসবাস করছেন, ওই ৩৭টি বাড়ির মধ্যে সেগুলোও রয়েছে।
নতুন মন্ত্রিসভার শপথের জন্য প্রস্তুতির কথা তুলে ধরে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গতকাল সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, একজন মন্ত্রী মহোদয়ের জন্য গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। এগুলোর জন্য সরকার সব সময়ই প্রস্তুত।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একইসঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা।
দলের একটি সূত্রগুলো বলছে, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী হতে পারেন। প্রতিমন্ত্রী করা হতে পারে ৯ থেকে ১০ জনকে। শেষ মুহূর্তে আরও এক বা দুজন যোগ হতে পারেন।
গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আবাসন নিশ্চিত করতে মন্ত্রিপাড়ার বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে কয়েকজনকে চিঠি দেওয়া হয়েছে। কেউ কেউ বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছেন। কেউ কেউ কয়েক দিনের মধ্যে ছেড়ে দেবেন।
সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আবাসনের জন্য বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। কিছু এখন খালি আছে। বাকিগুলো শিগগির খালি হবে। বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্টগুলো সংস্কারে কিছু সময় লাগতে পারে। তারপর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উঠতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক