ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।
এ ছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

এনটিভি অনলাইন ডেস্ক