লায়ন ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হওয়ায় মোংলায় আনন্দ মিছিল
বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) এমপি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মোংলা ও রামপালে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শেখ ফরিদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।
এই খবরের পর রাতেই মোংলা ও রামপালে আনন্দ মিছিল করে বিএনপি। এ সময় আনন্দ মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো সংসদীয় এলাকা। পরে বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ করা হয়।
মোংলা পৌর বিএনপিনেতা মাহবুবুর রহমান মানিক, নাসির তালুকদার, গোলাম নুর জনি, এমরান হোসেন ও বাবলু ভূইয়া বলেন, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমরা একটা মন্ত্রণালয় আশা করেছিলাম, কারণ শেখ ফরিদুল ইসলাম একজন পরিবেশবিদ, দীর্ঘদিন ধরে সুন্দরবনের পরিবেশ রক্ষায় কাজ করে আসছেন। আমরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চেয়েছিলাম। আর প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের তিনটি মন্ত্রণালয় উপহার দিয়েছেন। আমরা মোংলা-রামপালবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

আবু হোসাইন সুমন, মোংলা