নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দলীয় কার্যালয়ে সমাবেশ ও মিছিল করার অপরাধে স্থানীয় আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন–পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আকতার হোসেন (৭০), সাবেক সভাপতি ডা. সাজ্জাদ হোসেন (৫৫), সদস্য ডা. গৌরাঙ্গ সরকার (৫৫), সাবেক বাস মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি তোজাম্মেল হোসেন (৫০) ও সদস্য মো. বাবুল হোসেন (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে সেখানে অবস্থান নেন। তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কার্যালয়ের গেটে মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ওই পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, সরকারি নির্দেশ অমান্য করে সমাবেশ করায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফারুক হোসেন, দিনাজপুর