কুমিল্লায় বাজার তদারকি অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে কুমিল্লা নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা সদর উপজেলার বাদশা মিয়ার বাজারে এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, অভিযানকালে ব্যবসায়ীদের ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়েছে। ভবিষ্যতে যথাযথভাবে ভাউচার সংরক্ষণ এবং যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা